Vishuddhi Chakra

বিশুদ্ধি চক্র

যোগাযোগ, আত্মসম্মান ও কূটনীতি

মানব সমাজের গঠন ও বিকাশের পেছনে অনেক প্রজন্ম ধরে দক্ষ যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশুদ্ধি চক্র আমাদেরকে ব্যক্তিগত সচেতনতা থেকে সমষ্টিগত সচেতনতায় পৌঁছাতে সাহায্য করে। এটি আমাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং অন্যদের প্রতি আমাদের সংবেদনশীল হয়ে উঠতে সহায়তা করে। আমরা জানি, ব‍্যক্তিগত লাভের চেয়ে সমষ্টিগত কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এতে একে অপরের মধ্যে আত্মিক অনুভূতির সৃষ্টি হয়।

শ্রী কৃষ্ণ খুব সুন্দরভাবে বলেছেন, “সত্যম্বাদে, হিতম্বাদে, প্রিয়ম্বাদে”। অর্থাৎ, যা আত্মার জন্য হিতকর এবং প্রেমময়, সেটিই প্রকাশ করা উচিত। হতে পারে তা সেই মুহূর্তে কষ্টদায়ক, কিন্তু পরে তা কল্যাণকর ও প্রিয় হয়ে উঠতে পারে। এই সবকিছু জানা সত্ত্বেও, আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ঈশ্বর প্রেমময় এবং সত্যই প্রেম।

আমাদের ব্যক্তিত্বের আরেকটি মহান গুণ, যা এই চক্রের খুলে যাওয়ার সাথে বিকশিত হয়, তা হল কূটনৈতিকতা। একজন কূটনীতিক হিসেবে, আমরা এমন এক যোগাযোগ কৌশল রপ্ত করি যা মুগ্ধকর, তবে তা কোনো ক্ষুদ্র স্বার্থ, ক্ষমতা বা অর্থের জন্য নয়, বরং বৃহত্তর কল্যাণের জন্য। এই পঞ্চম কেন্দ্রের প্রতি আমাদের ধ্যানমগ্ন ও অন্তর্দর্শনমূলক মনোযোগ আমাদেরকে বিভিন্ন সম্পর্কের সাথে স্বতঃস্ফূর্ত ও স্পষ্টভাবে যোগাযোগ করতে সহায়তা করে।

অবস্থান:
আমাদের বিশুদ্ধি চক্র, মেরুদণ্ডের পিছনের দিকে, আনুমানিক কাঁধের সমতলে অবস্থিত। এই চক্রের স্পন্দন আমাদের উভয় হাতের তর্জনী আঙুলে অনুভূত হয়। বাম তর্জনী বাম বিশুদ্ধির সাথে এবং ডান তর্জনী ডান বিশুদ্ধির সাথে সংযুক্ত।

রঙ:
বিশুদ্ধি চক্রের প্রতীক হলো হালকা নীল রং, যা আকাশ তত্ত্বের বিশুদ্ধিকরণ শক্তির সঙ্গে সম্পৃক্ত।

বিশুদ্ধি চক্রের গুণাবলী:
• ইতিবাচক সম্পর্ক
• যোগাযোগ স্থাপন
• ভদ্রতা
• কূটনৈতিকতা
• সমাজবোধ, সচেতনতা/দায়িত্ববোধ
• আকর্ষণীয় ব্যক্তিত্ব

বিশুদ্ধি চক্র আমাদের মধ্যে যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তোলে ও সমাজবোধের অনুভূতিকে জাগ্রত করে। এটি ভারসাম্যপূর্ণ থাকলে, আমরা সমগ্র মানবজাতির সঙ্গে সম্প্রীতিতে বসবাস করতে পারি।

নিয়মিত ধ্যানের মাধ্যমে বিশুদ্ধি চক্রের মৌলিক গুণাবলীর বিকাশ ঘটে, যা আমাদের কূটনৈতিক দক্ষতা অর্জনে সহায়তা করে এবং স্বাভাবিকভাবেই কোমল ও বন্ধুত্বপূর্ণভাবে অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা প্রদান করে, যা শেখার জন্য কোনো আলাদা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এই চক্রের পূর্ণ বিকাশ আমাদেরকে কোনোওরকম অপরাধবোধ ছাড়াই আমাদের মধ্যে থাকা নানান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জগুলোকে স্বীকার করার ক্ষমতা দেয় এবং একজন সহানুভূতিশীল ও যথাযথ সমাধানী ব্যক্তিত্ব প্রদান করে।

অভিজ্ঞতা ও উপকারিতা:
বিশুদ্ধি চক্র আমাদের গলা, কণ্ঠনালী, বাহু, মুখমণ্ডল, কান, মুখ ও দাঁতের কার্যক্রম পরিচালনা করে। এটি আমাদের যোগাযোগ দক্ষতাকেও নিয়ন্ত্রণ করে এবং স্পষ্ট ভাবে ভাব বিনিময়ে সাহায্য করে।

বিশুদ্ধি চক্র ভারসাম্যপূর্ণ থাকলে, জীবনের ঘটনাগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ থাকে । যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমরা শান্ত ও স্থির থাকতে পারি এবং কঠিন পরিস্থিতিতেও হতাশ হই না । এই চক্র আমাদের শেখায় যে বাহ্যিক ঘটনা আমাদের থেকে আলাদা, ফলে আমরা সেগুলোকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারি।

বিশুদ্ধি চক্রের ভারসাম্যপূর্ণ হওয়া আমাদের আত্মিক উন্নতির জন্য অপরিহার্য। এটি অন্যদের সঙ্গে ইতিবাচক ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনীতি ও পারস্পরিক সম্মানবোধ - এই দুই গুণই এই চক্রের শক্তির দ্বারা বৃদ্ধি পায়। সহজ যোগের ধ্যান চর্চার মাধ্যমে আপনি আপনার বিশুদ্ধি চক্রের বাঁ ও ডান উভয় দিককে সক্রিয় ও সুরক্ষিত রাখতে পারেন। আপনি যখন হৃদয় থেকে কথা বলেন এবং সমালোচনার পরিবর্তে প্রশংসা করেন, তখনও এই চক্রটি সক্রিয় ও শক্তিশালী হয়।

স্ব-মূল্যায়ন:
যদি বিশুদ্ধি চক্র ভারসাম্যহীন হয়, তাহলে আত্মসম্মানের অভাব ও অপরাধবোধের অনুভূতি দেখা দিতে পারে। কখনও কখনও অতিরিক্ত প্রতিক্রিয়া বা আক্রমণাত্মক যোগাযোগের প্রবণতাও তৈরি হয়। অতিরিক্ত কথা বলা বা চিৎকার করার ফলে ডান বিশুদ্ধি চক্র বাধাগ্রস্ত হতে পারে। কান বা দাঁতে ব্যথা বা সংক্রমণ বিশুদ্ধি চক্রে অসামঞ্জস্যের লক্ষণ।অপরাধবোধের অনুভূতি কাঁধ ও গলায় ব্যথা বা টান ধরার মতো সমস্যা তৈরি করতে পারে, যা বাম বিশুদ্ধি চক্রের ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। ঘন ঘন সর্দি, সাইনাস বা ব্রঙ্কাইটিসের সংক্রমণ ডান বিশুদ্ধি চক্রের সমস্যার লক্ষণ। এছাড়া, অনুচিত বা অস্বাস্থ্যকর সম্পর্কও বিশুদ্ধি চক্রে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।

ভারসাম্যহীনতার কারণ:

  • অপরাধবোধ ও আত্মসম্মানের অভাব।
  • অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আক্রমণাত্মকভাবে কণ্ঠস্বরের ব্যবহার।
  • ব্যঙ্গবিদ্রূপ, রাগের ফলে কণ্ঠস্বর উঁচু করা, কথার মধ্যে চাতুর্য বা কৌশলপ্রয়োগ।

কিভাবে ব্যালেন্স করবেন:
বিশুদ্ধি চক্রের ভারসাম্য বজায় রাখতে, ডান হাতের তালু ভাগ চক্রের কাছাকাছি এনে হাতের তালু কিছুক্ষণ অনুভব করুন। যখন হাতে শক্তির প্রবাহ অনুভূত হবে, তখন ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী হাতের তালু ঘুরিয়ে নিন। এটি বারবার করলে চক্রের শক্তি সক্রিয় ও ভারসাম্যপূর্ণ হয়।

বাম বিশুদ্ধি চক্রকে শুদ্ধ করতে, একটি মোমবাতির শিখাটিকে গলা ও বাম কাঁধের সংযোগস্থলের কয়েক ইঞ্চি দূরে ধরে রাখুন। এরপর ধীরে ধীরে এবং কোমলভাবে শিখাটি ঘড়ির কাঁটার দিক অনুযায়ী চক্রের চারপাশে ঘোরান।