জনসমাগমে আধ্যাত্মিক জাগরণ
বিশ্বব্যাপী আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে একটি বিপ্লবী পরিবর্তন
শ্রী মাতাজী এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতামাতা সমস্ত ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তাঁর বাবা, প্রসাদ কে. সালভে, বিভিন্ন ধর্মতত্ত্বের প্রতি তাঁর উৎসাহ ছিল এবং তিনি তাঁর সন্তানদের সকল ধর্মের প্রধান নীতিগুলি বুঝতে উত্সাহিত করেছিলেন। তিনি বুঝেছিলেন যে মানবজাতির ঐক্য নির্ভর করে ব্যাপক আধ্যাত্মিক জ্ঞানের উপর। হাজার হাজার বছর ধরে যে বিশ্বাস-ভিত্তিক দ্বন্দ্ব সারা বিশ্বকে জর্জরিত করে রেখেছিল একমাত্র সুগভীর এবং বিস্তৃত পরিসরে আত্মজাগরণই এই দ্বন্দ্বের অবসান ঘটাতে সক্ষম।
শ্রী মাতাজীর মাতা-পিতা মহাত্মা গান্ধীর শান্তিপূর্ণ অসহযোগের দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাঁর 'ভারত ছাড়ো আন্দোলন'-এ সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। [১] কৈশোরে গান্ধীজীর আশ্রমে বসবাসকালীন, শ্রী মাতাজী হিন্দু, শিখ, খ্রিস্টান এবং মুসলমানদের সংস্পর্শে এসেছিলেন – সকলেই জাতীয় স্বাধীনতা ও স্বাধীনতার অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। পরবর্তীতে, সাম্প্রদায়িক সহিংসতায় দেশ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে, ভারত বিভাগের সময়, শ্রী মাতাজী এবং তাঁর পরিবার ধর্ম নির্বিশেষে সংঘাত থেকে পলায়নকারীদের আশ্রয় দিয়েছিলেন।
এই তীব্র কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে গিয়ে, শ্রী মাতাজী দেখেছিলেন যে একমাত্র রাজনৈতিক স্বাধীনতাই চূড়ান্ত সমাধান নয়। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই জীবনে তাঁর আসল মিশন মানবজাতির আধ্যাত্মিক রূপান্তর। তিনি সঠিক সময় আসার অপেক্ষা করছিলেন; এবং সি.পি শ্রীবাস্তবজীর সাথে তাঁর বিয়ের পর, শ্রী মাতাজী তাঁকে বলেছিলেন যে তাদের সন্তানরা বড় হয়ে স্থির হয়ে গেলেই তিনি তার প্রকৃত পেশা শুরু করবেন।
শ্রী মাতাজী অনুভব করছিলেন যে পৃথিবীতে তাঁর প্রকৃত লক্ষ্য পূরণের সময় এসে গেছে। তিনি ইতিমধ্যেই মানুষ ও তাদের সমস্যাগুলি নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং জানতেন যে প্রকৃত সমাধান নিহিত আছে তাদের আধ্যাত্মিক জাগরণে। তিনি উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন অবতারদের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হলেও মানবচেতনায় সেই আধ্যাত্মিক জাগরণ ঘটাতে সক্ষম হয়নি।
ভারতে ভণ্ড গুরুরা যখন আধ্যাত্মিকতার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ লুট করছিল, তা দেখে এক সন্ধ্যায় তিনি আর অপেক্ষা না করার সিদ্ধান্ত নেন। ১৯৭০ সালের ৫ই মে ভোরবেলা, অমাবস্যা রাতের প্রান্তসীমায়, এক নির্জন সমুদ্রসৈকতে ধ্যানরত অবস্থায় তিনি তাঁর নিজ সূক্ষ্ম সত্তার মধ্যে সৃষ্টির আদিম শক্তির জাগরণ ঘটান।
এই গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেয় যে কীভাবে সত্যসন্ধানী মানুষের মধ্যে চিরন্তন আত্মার চেতনা জাগ্রত করা যায়। এই ঐতিহাসিক ঘটনা পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে—সামূহিক আধ্যাত্মিক জাগরণের অনন্য আবিষ্কার।
পরবর্তীতে তিনি যে পদ্ধতির প্রবর্তন করেন, তাকে তিনি ‘সহজ যোগ’ নামে অভিহিত করেন, যার আক্ষরিক অর্থ হলো সেই চিরন্তন ঈশ্বরীয় শক্তির সঙ্গে মিলন, যা সঙ্গে করে প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু যার সম্পর্কে সে সচেতন নয়।
সহজ যোগ হল ধ্যানের একটি সরল ও সহজ পদ্ধতি, যা প্রতিটি মানুষের মধ্যে অবস্থানকারী সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। এই বিশেষ মুহূর্তটিকে বলা হয় আত্ম-সাক্ষাৎকার —যা আদিকাল থেকে সারা বিশ্বের ধর্মীয় সাধকদের কাঙ্ক্ষিত লক্ষ্য।
শ্রী মাতাজী ঘোষণা করেছিলেন যে কলিযুগের এই বিশেষ সময়ে খুব সহজে আত্ম-সাক্ষাৎকার লাভ করা যায়; এটি এমন কোনো দূরবর্তী লক্ষ্য নয় যা কেবল সারাজীবনের তপস্যা ও ত্যাগের মাধ্যমে অর্জন করা সম্ভব। তাঁর সার্বজনীন অনুষ্ঠানগুলিতে তিনি সবসময় বলতেন, “তোমরাই তোমাদের নিজের গুরু।” তিনি জোর দিয়ে বোঝাতেন যে আমাদের প্রত্যেককে নিজের শিক্ষক হতে হবে—সত্যের নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভর করে—এবং আমাদের আলোকপ্রাপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য কোনো মধ্যস্থ ব্যক্তির উপর নির্ভর করা উচিত নয়।
তদুপরি, শ্রী মাতাজী সবসময় পরিষ্কার করে বলতেন যে তিনি যা বলেন তা এক ধরনের প্রস্তাবিত ধারণা (হাইপোথিসিস), যা মানুষকে নিজেরাই পরীক্ষা করে দেখা উচিত; কারণ অন্ধ বিশ্বাস মানুষকে কোথাও নিয়ে যায় না।
শ্রী মাতাজী মনে করতেন যে সত্যিকারের ধর্ম কোনো কঠোর মতবাদ বা কর্তৃত্বব্যবস্থার উপর ভিত্তি করে নয়; বরং এটি নিজের আত্মাকে উপলব্ধি করার এক পরম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত।
তিনি যেমন বলতেন:
“সব ধর্মই জীবনের একটিই বৃক্ষ থেকে উদ্ভূত, আর তা হলো আধ্যাত্মিকতা… ধর্ম মানুষের মধ্যে শান্তি, আনন্দ ও সুখ দেওয়ার জন্যই আছে… এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন তুমি নিজেকে চেনো না, তখন ধর্ম সম্পর্কে কীভাবে কিছু জানবে? তাই সবার আগে নিজেকে জানা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলতেন, যখন তুমি নিজেকে একটি আধ্যাত্মিক সত্তা হিসেবে উপলব্ধি করবে, তখন “…তুমি যে ধর্মই অনুসরণ কর না কেন, সেটিকে সত্যভাবে বুঝতে পারবে… এবং সকল নবী ও গুরুর মহত্ত্বও উপলব্ধি করতে পারবে।”
গুরু বা শিক্ষক—এই সীমিত পরিচয়ের ঊর্ধ্বে উঠে শ্রী মাতাজীকে একজন 'প্রেমময়ী মাতা’ রূপেই অনুভব করা যায়। অপরিসীম করুণা ও নির্মল প্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সমগ্র মানবজাতির কল্যাণ ও আত্মবিকাশের জন্য গভীর আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা করেছিলেন। তাঁর সুদূরপ্রসারী দৃষ্টি এবং অবিরাম সাধনার ফলস্বরূপ সহজ যোগ আজ বিশ্বের শতাধিক দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে অন্তরের ভারসাম্য, শান্তি ও পরিতৃপ্তি লাভ করেছে। আত্মসাক্ষাৎকারের পবিত্র অভিজ্ঞতা এবং নিয়মিত সহজ যোগ ধ্যানের অনুশীলনের দ্বারা অনেকেই গুরুতর মানসিক ও শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক নতুন চেতনা ও কল্যাণময় জীবনের দিকে অগ্রসর হয়েছে।